
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। গত রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, চারজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে।
অতিরিক্ত আইজি পদে ৪ জনের পদোন্নতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এনএসআই-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির নতুন প্রধান (অতিরিক্ত আইজি) এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি করা হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ে রদবদল:
বদলিকৃতদের মধ্যে এপিবিএনের ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিসিসির ডিআইজি করা হয়েছে। ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
একই সাথে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র্যাবে এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়।
এছাড়া মুক্তাগাছা ২য় এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে মুক্তাগাছা ২য় এপিবিএনে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে সারদা বিপিএতে এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। অপরদিকে খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পদে ৫ কর্মকর্তার রদবদল:
প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে সারদা বিপিএর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জে এবং ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কেএম ইয়াহিয়া নয়ন, নির্বাহী সম্পাদক: ম.ত.ই- তৌহিদ, সহ সম্পাদক: নুসরাত ফারহানা নীলিমা, বার্তা সম্পাদক: মুহাম্মদ সাদেক।
Copyright © 2026 Daily Today Times. All rights reserved.