ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি কিন্ডারগার্টেনের ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মো. জাকির হোসেন খন্দকার নামে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত মো. জাকির হোসেন খন্দকার উপজেলার চুনকুটিয়া ঝাউবাড়ী এলাকার ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকজন ছাত্রীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে তিনি একা পেলে তাদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন এবং কু-প্রস্তাব দিতেন। ঘটনার দিন সকালে এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করলে সে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে। পরে বিষয়টি প্রকাশ পেলে আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ তোলে।
এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
অভিযোগে বলা হয়, তার মেয়েসহ একাধিক শিক্ষার্থীকে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে অসদাচরণ করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কেএম ইয়াহিয়া নয়ন, নির্বাহী সম্পাদক: ম.ত.ই- তৌহিদ, সহ সম্পাদক: নুসরাত ফারহানা নীলিমা, বার্তা সম্পাদক: মুহাম্মদ সাদেক।
Copyright © 2026 Daily Today Times. All rights reserved.