
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত বিএনএস সেন্টারের ওপরের তলায় থাকা ‘হোটেল স্টার প্লাস’-এ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ, মাদক, জুয়া ও দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার জন্য সহজেই ভাড়া দেওয়া হচ্ছে হোটেলের কক্ষ। এসি ও নন-এসি রুমের প্রচারণায় বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে এলাকায় ছড়ানো হচ্ছে ছোট ছোট কার্ড। কার্ডে হোটেলের নির্দিষ্ট ঠিকানা উল্লেখ না থাকলেও এলাকার নাম দিয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়।
অনুসন্ধানে দেখা যায়, কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করলে একজন ব্যক্তি ফোনে দিকনির্দেশনা দেন এবং বিএনএস সেন্টারের সামনে পৌঁছালে কয়েকজন যুবক ঘিরে ধরে নির্দিষ্ট কক্ষে নিয়ে যায়। সেখানে থাকা কথিত ‘ম্যানেজার’ বিভিন্ন বয়সী মেয়েদের দেখিয়ে পছন্দ জানতে চান এবং চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব দেন।
সংশ্লিষ্টদের দাবি, তাদের পেছনে প্রভাবশালী ‘বড় ভাই’ থাকায় সবকিছু ম্যানেজ করেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও কারও প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযোগ রয়েছে, হোটেলের আড়ালে সংঘবদ্ধ দালালচক্র যৌনকর্মী সরবরাহসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, উত্তরার মতো অভিজাত এলাকায় প্রকাশ্যে এ ধরনের কার্যকলাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রাজধানীর উত্তরায় হোটেল স্টার প্লাস
সম্পাদক ও প্রকাশক: কেএম ইয়াহিয়া নয়ন, নির্বাহী সম্পাদক: ম.ত.ই- তৌহিদ, সহ সম্পাদক: নুসরাত ফারহানা নীলিমা, বার্তা সম্পাদক: মুহাম্মদ সাদেক।
Copyright © 2026 Daily Today Times. All rights reserved.