
মুহাম্মদ তৌহিদুল ইসলাম.
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ২৫০০ মিটারের একটি কাঁচা সড়ক দীর্ঘ ৩০ বছর ধরে সংস্কার না করায় বর্তমানে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার বৃষ্টি ও পাহাড়ি ঢলে বরইতলী পশ্চিম হিন্দু পাড়া টাইম বাজার থেকে ডেইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় স্থানীয়দের নিত্যদিনের যাতায়াত ব্যাহত হচ্ছে।
সড়কটির বেহাল দশার কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি সাধারণ মানুষের পায়ে হেঁটে চলারও উপায় নেই। ১৫০০ পরিবারের প্রায় ১৬ হাজার বাসিন্দা বর্তমানে চরম ভোগান্তিতে আছেন।
রাস্তাটির পাশে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয় থাকায় শত শত শিক্ষার্থীর পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া কোনো জরুরি রোগীকে হাসপাতালে নিতে হলে খাটিয়ায় বা কোলে করে নিয়ে যেতে হচ্ছে।
প্রায় ৩০ বছর আগে সড়কের কিছু অংশে ইট সলিং করা হলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ভোগ নিরসনে উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এলজিইডি চকরিয়া উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন জানিয়েছেন, দ্রুতই টেন্ডার আহ্বান করে বর্ষার পরপরই রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা হবে।
মন্তব্য করুন